Expert Speak Post Aid World
Published on Jun 16, 2026 Updated 0 Hours ago

আড়ম্বর শেষ করে যখন সার কথায় আসা যায়, বেজিং শীর্ষ সম্মেলনটি আত্মশক্তিতে আত্মবিশ্বাসী এক চিন এবং তার সীমাবদ্ধতার মধ্যে দিয়ে পথ চলতে থাকা এক যুক্তরাষ্ট্রকে তুলে ধরে।

জাঁকজমকের পর: ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন নিয়ে বেজিংয়ের অভিমত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর চিনা প্রতিপক্ষের বৈঠককে ঘিরে যে জাঁকজমক ও আড়ম্বর ছিল, তা জনমানস থেকে এখন ম্লান হয়ে আসায় তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে উঠছে।

দুই দেশ একটি ‘‌কৌশলগত স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক’‌ অনুসরণ করার সংকল্প করেছে। সিনহুয়ার একটি ভাষ্যে এই কাঠামোটিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, ‘‌সহযোগিতাই হবে মূল ভিত্তি’‌, যেখানে প্রতিযোগিতা নিয়ন্ত্রণে রাখা হবে, মতপার্থক্য প্রশমিত করা হবে, এবং শান্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাই চিন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনা দেবে। যদিও ট্রাম্প চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেজিংয়ে তাঁর শীর্ষ সম্মেলনকে ‘‌ঐতিহাসিক’‌ বলে আখ্যা দিয়েছেন, চিনা সংবাদ মাধ্যমের ভাষার সুর থেকে বোঝা যায় যে বেজিং এটিকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখছে এবং উল্লেখ করেছে যে উভয় পক্ষই এর খুঁটিনাটি বিষয় নিয়ে ‘‌শলা-‌পরামর্শ’‌ করছে।

ট্রাম্প প্রশাসন চিনের সঙ্গে এই শীর্ষ সম্মেলনের ‘‌ঐতিহাসিক ’‌ তাৎপর্যের ভিত্তি হিসেবে বেজিংয়ের ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতিকে উল্লেখ করেছে—যা ২০১৭ সালের পর এই ধরনের প্রথম চুক্তি—এবং এর ফলে আমেরিকার উৎপাদন ক্ষেত্রে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি চিনের পোল্ট্রি আমদানি পুনরায় শুরু করা, আগামী দুই বছর ধরে বার্ষিক ১৭ বিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য কেনার অঙ্গীকার, এবং ২০২৫ সালের অক্টোবরে করা পূর্ববর্তী সয়াবিন কেনার প্রতিশ্রুতি পূরণের বিষয়টিও এর অন্তর্ভুক্ত। কৃষি পণ্য ক্রয়ের বিষয়ে চিন জানিয়েছে যে, বিভিন্ন পণ্যের ওপর ‘‌পারস্পরিক শুল্ক হ্রাসের’‌ মাধ্যমে কৃষি পণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের ‘‌সম্প্রসারণ’‌   উৎসাহিত করতে এবং চিনের পোল্ট্রি আমদানি সংক্রান্ত মার্কিন উদ্বেগ ‘‌সমাধানের জন্য সক্রিয়ভাবে চাপ সৃষ্টি করতে’‌ একটি চুক্তি হয়েছে।


সম্পর্ক বিচ্ছিন্ন করার পর্যায় থেকে নতুন করে অর্থনৈতিক সম্পৃক্ততার দিকে এই মোড় পরিবর্তনে চিনারা বিজয়ের আনন্দ অনুভব করছে।



অর্থনৈতিক সম্পৃক্ততা ব্যবস্থাপনার জন্য আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক ব্যবস্থার বিষয়ে হোয়াইট হাউস অসংবেদনশীল পণ্যগুলির বাণিজ্য পরিচালনার জন্য একটি ইউএস-চায়না বোর্ড অফ ট্রেড এবং পুঁজি প্রবাহের জন্য সরকারের-সঙ্গে-সরকার প্ল্যাটফর্ম হিসেবে একটি ইউএস-চায়না বোর্ড অফ ইনভেস্টমেন্ট গঠনের পরিকল্পনা করছে। বেজিং এই বাণিজ্য সংস্থাটিকে পারস্পরিক শুল্ক হ্রাসের একটি কাঠামো হিসেবে দেখছে, যেখানে তুলনামূলকভাবে কম শুল্ক হারে বাণিজ্যের জন্য ৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য চিহ্নিত করা হয়েছে। এই ব্যবস্থাটিকে বাণিজ্য ও বিনিয়োগে পারস্পরিক উদ্বেগ নিরসনের একটি প্ল্যাটফর্ম হিসেবেও তুলে ধরা হচ্ছে, যা দ্বিপাক্ষিক গতিপ্রকৃতিকে 'সংকট মোকাবিলা' থেকে 'প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা'-র দিকে নিয়ে যাবে, এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক সুরক্ষা প্রদান করবে। সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির হুয়াং জিং যুক্তি দিয়েছেন যে, এই ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলি আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে চিনের অংশগ্রহণ কমানোর প্রচারকে কার্যকরভাবে থামিয়ে দেয় — যা ট্রাম্প ১.০ এবং বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল — এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে স্বীকার করে নেয় যে এই পন্থা টেকসই নয়। সম্পর্ক বিচ্ছিন্ন করার পর্যায় থেকে নতুন করে অর্থনৈতিক সম্পৃক্ততার দিকে এই মোড় পরিবর্তনে চিনারা বিজয়ের আনন্দ অনুভব করছে।

বিরল মৃত্তিকার বিষয়ে, চিন ২০২৫ সালের অক্টোবরে ব্যাপক নিয়মকানুন উন্মোচন করে যা প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলের অবিচ্ছেদ্য উপাদানগুলির—শিল্পক্ষেত্রে ব্যবহৃত কৃত্রিম হিরাসহ—উপর নিয়ন্ত্রণ কঠোর করে এবং হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইউরোপিয়াম ও ইটারবিয়ামের মতো বিরল মৃত্তিকাগুলিকে, আর এই উপাদানগুলির উৎপাদন ও প্রক্রিয়াকরণে এবং চুম্বক তৈরিতে ব্যবহৃত সরঞ্জামগুলিকেও রপ্তানি-নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকে হোয়াইট হাউস ঘোষণা করে যে, চিন বিরল মৃত্তিকা মৌল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর ‘‌বর্তমান ’‌ ও ‘‌প্রস্তাবিত ’‌ উভয় প্রকার রপ্তানি নিয়ন্ত্রণ বাতিল করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সেই শীর্ষ সম্মেলনের পর, বেজিং ২০২৫ সালের অক্টোবরে আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বেজিং শীর্ষ সম্মেলনের পর, হোয়াইট হাউস যদিও বলেছে যে চিন বিরল মৃত্তিকা—বিশেষত ইট্রিয়াম, স্ক্যান্ডিয়াম, নিওডিমিয়াম এবং ইন্ডিয়াম—সম্পর্কিত সরবরাহ শৃঙ্খলের ঘাটতি এবং বিরল মৃত্তিকা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিক্রির উপর নিষেধাজ্ঞার বিষয়ে "মার্কিন উদ্বেগ নিরসন করবে", চিনের বাণিজ্য মন্ত্রক শুধুমাত্র বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, বেজিংয়ের কৌশলবিদরা এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পেছনের কারণগুলি এবং চিন-মার্কিন সম্পর্কের ক্রমবিকাশমান প্রকৃতি মূল্যায়ন করে আসছেন। হুয়াং জিং উল্লেখ করেছেন যে, বর্তমান সময়টি ট্রাম্পের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল: ভেনিজুয়েলার বিরুদ্ধে তাঁর সামরিক হামলা আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার নৈতিক অবস্থানকে ক্ষুণ্ণ করেছে, এবং ইরানের বিরুদ্ধে তাঁর যুদ্ধ আন্তর্জাতিক বৈধতা ও এমনকি মার্কিন মিত্রদের সমর্থনও পায়নি, যা আমেরিকার বিচ্ছিন্নতাকে আরও গভীর করেছে। তাই হুয়াং এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ওয়াশিংটন বেজিংয়ের সঙ্গে ক্ষমতার সমতা ‘‌স্বীকার’‌ করেছে — যা দুই দেশের মধ্যকার গতিপ্রকৃতিতে একটি সন্ধিক্ষণ চিহ্নিত করে — এবং গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার কাঠামোর অধীনে প্রতিযোগিতামূলক সহাবস্থানের ধারণার জন্ম দিয়েছে।

রেনমিন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট-‌এর ডিং ইফান যুক্তি দেন যে, ইরানের মতো একটি তুলনামূলকভাবে দুর্বল শক্তির কাছে যুক্তরাষ্ট্র ‘‌নত’‌ হয়েছে এবং ট্রাম্প হরমুজ প্রণালীর অবরোধের অচলাবস্থা সমাধানে ব্যর্থ হয়েছেন — যা তাঁকে “নিজের অহংকার বিসর্জন দিয়ে” “মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতে” চিনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করেছে। প্রসঙ্গত, হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের কার্যবিবরণীতে জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে চুক্তি, প্রণালীটির সামরিকীকরণ এবং যাতায়াতের জন্য টোল আদায়ের প্রচেষ্টার বিরুদ্ধে চিনের বিরোধিতা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে, শীর্ষ সম্মেলন সম্পর্কে চিনের বিবরণীতে শুধুই একথা উল্লেখ করা হয়েছে যে, দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপসহ বিভিন্ন বিষয়ে “মতবিনিময় করেছেন"।


বেজিংয়ের কৌশলবিদরা মনে করেন যে, ট্রাম্প ইউরোপ ও পশ্চিম এশিয়ার অসংখ্য সংঘাতে জর্জরিত এবং তিনি তাঁর জোট ব্যবস্থায় ফাটলের কারণে দুর্বল হয়ে পড়েছেন; এর বিপরীতে, চিন শুল্ক, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক চাপ মোকাবিলা করেছে।


চিনা কৌশলবিদদের মধ্যে একটি সাধারণ ধারণা হল যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের কূটনৈতিক ইতিহাসকে দুটি পর্যায়ে ভাগ করা যায়: ১৯৭২ থেকে ২০১৭ সাল পর্যন্ত, যা সহযোগিতা ও প্রতিযোগিতার মিশ্রণ দ্বারা চিহ্নিত;‌ এবং ২০১৮ সাল থেকে, যা ‘‌ব্যাপক কৌশলগত প্রতিযোগিতা’‌ দ্বারা চিহ্নিত। ২০১৭ সালের শেষের দিকে প্রথম ট্রাম্প প্রশাসন তার জাতীয় নিরাপত্তা কৌশল  প্রকাশ করে, যেখানে বেজিংকে ওয়াশিংটনের ক্ষমতা ও স্বার্থের জন্য বিপদ এবং এর নিরাপত্তা ক্ষুণ্ণকারী হিসেবে চিহ্নিত করা হয় — এই ঘটনাগুলি তার প্রতিদ্বন্দ্বীর প্রতি মার্কিন সম্পৃক্ততা নীতিতে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তৈরি করে। চিনা কর্তৃপক্ষ পরে অভিযোগ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘‌চিন বিপদ তত্ত্ব’‌ নিয়ে অতিরঞ্জন, প্রযুক্তিগত বিধিনিষেধ আরোপ এবং চিনের অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপের পর থেকে সম্পর্কের অবনতি ঘটেছে। এমন একটি বিশ্বাস প্রচলিত আছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের স‌ঙ্গে অওকাস-এর মতো জোট এবং অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সঙ্গে চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপ গঠনের পাশাপাশি জিনজিয়াং, তিব্বত, তাইওয়ান ও হংকং সম্পর্কিত বিষয়গুলিকে কাজে লাগাতে চেয়েছিল।

রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন কানরং—যিনি মার্কিন-চিন সম্পর্কের একজন অভিজ্ঞ গবেষক—বলেছেন যে, “কৌশলগত স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক”-এর বর্তমান কাঠামোটিই দুই দেশের মধ্যে সমতার ভিত্তি, এবং এটি আপেক্ষিক ভারসাম্যের একটি পর্যায় নিয়ে এসেছে। জিন যুক্তি দেন যে, চিন তার অন্তর্নিহিত শক্তির ভিত্তিতে শুল্ক, শিল্প, প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, যা ২০২৬ সালে বাস্তব ফল দেবে—এটি ট্রাম্প-শি বেজিং শীর্ষ সম্মেলনের প্রতি একটি ইঙ্গিত। তিনি উল্লেখ করেন যে, চিনের বিরুদ্ধে মার্কিন শুল্ক যুদ্ধের ফলে আমেরিকায় পণ্যের ঘাটতি দেখা দেয়, যা ভোক্তাদের ক্ষতি করে; প্রযুক্তিগত বিধিনিষেধ চিনে আত্মনির্ভরশীলতা এবং দেশীয় উদ্ভাবনের একটি প্রচারাভিযানকে উৎসাহিত করে, যার উদাহরণ হল ডিপসিক, যা মার্কিন বিকল্পগুলির তুলনায় অনেক কম খরচে তৈরি হয়েছে। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে পিপলস লিবারেশন আর্মির কুচকাওয়াজে চিনের সামরিক আধুনিকীকরণের ‘‌সাফল্য' তুলে ধরা হয়েছিল। বেজিং মনে করে  ট্রাম্প চিনকে ‘‌সম্মান’‌ করতে বাধ্য করে এই ‘‌সাফল্যগুলি’‌র কারণে।

পরিশেষে, এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, যতই আলোচনা চলতে থাকুক বেজিংয়ের রপ্তানি-নিয়ন্ত্রণ ব্যবস্থা তার অস্ত্রাগারেই রয়েছে এবং দেশটি তার ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক সম্পদকে ইচ্ছামতো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, বেজিংয়ের কৌশলবিদরা মনে করেন যে, ট্রাম্প ইউরোপ ও পশ্চিম এশিয়ার অসংখ্য সংঘাতে জর্জরিত এবং তিনি তাঁর জোট ব্যবস্থায় ফাটলের কারণে দুর্বল হয়ে পড়েছেন; এর বিপরীতে, চিন শুল্ক, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক চাপ মোকাবিলা করেছে। বেজিংয়ের এই আশাবাদী দৃষ্টিভঙ্গির ফলে শি জিনপিং জোর দিয়ে বলেছেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কে তাইওয়ানই হল ‘‌সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’‌। শি ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন যে, তাইওয়ানকে নিয়ে যে কোনও ধরনের ভুল পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বহন করে, যা বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ককে বিপন্ন করার সম্ভাবনা রাখে। চিনের এই আত্মবিশ্বাসী ভাবমূর্তি এশীয় নিরাপত্তা কাঠামোকে অস্থিতিশীল করবে কি না, সেই প্রশ্নের উত্তর শুধু সময়ই দেবে।



কল্পিত এ. মানকিকর অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.